|
Date: 2026-11-26 17:49:15 |
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য আখতার হোসেন।
উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. উৎপল রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা হাসেম আলী, এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন, প্রাণিসম্পদ কর্মকর্তা শাকিল আহমেদ, প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, থানা ওসি জহুরুল হক ও জনস্বাস্থ্য প্রকৌশলী সানোয়ার মোর্শেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে গরু, ছাগল, হাঁস-মুরগি পালন গ্রামীণ মানুষের আয় বৃদ্ধির অন্যতম মাধ্যম। এ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু পালন, সঠিক খাদ্য ব্যবস্থাপনা ও নিয়মিত চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।
তারা আরও বলেন, খামারি ও সাধারণ মানুষের মধ্যে আধুনিক খামার ব্যবস্থাপনা, পশুপাখির রোগ প্রতিরোধ এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
© Deshchitro 2024