|
Date: 2026-11-26 23:17:50 |
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার এলাকায় অবস্থিত রাজনগর ভূমি অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসে সংরক্ষিত জমিজমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্রসহ বিভিন্ন কাগজপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ভূমি অফিসের পেছনের জানালার কাঁচ ভেঙে পেট্রোল ও মবিল ব্যবহার করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তবে তাদের পৌঁছানোর আগেই অফিসে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথিপত্রের বড় একটি অংশ পুড়ে যায়। এ ঘটনায় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। ঘটনাস্থল শেরপুরের জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন ও পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম পরিদর্শন করেছেন।
অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে জমির মালিকানা, খতিয়ান ও অন্যান্য ভূমি-সংক্রান্ত গুরুত্বপূর্ণ দলিল পুড়ে যাওয়ায় বিপাকে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পুড়ে যাওয়া নথির বিকল্প কীভাবে পাওয়া যাবে এবং সাধারণ মানুষ কীভাবে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করবেন, তা নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুর মোহাম্মদ বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি নাশকতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন জানান, ভূমি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে কোনো দুষ্কৃতিকারী এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে সরকারি ভূমি অফিসে এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
© Deshchitro 2024