রংপুরের পীরগাছায় সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় অনুমোদিত প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।



উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।



সংগঠক শামীম হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা হাশেম আলী, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন শিমুল, সিনিয়র যুগ্ম সমন্বয়কারী শরীফ উদ্দিন, প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, থানা ওসি জহুরুল হক, জেলা জাতীয় যুবশক্তির আহবায়ক রাকিবুল হাসান তৌফিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইশরাত শারমিন মনিসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা।



পরে এমপি আখতার হোসেনের প্রচেষ্টায় সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৫টি মসজিদে ৩ লক্ষ টাকা করে মোট ১কোটি ৩৫ লক্ষ টাকা বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বাকি মসজিদে একই অর্থ বরাদ্দ প্রদান করা হবে বলে জানান আখতার হোসেন। 



এদিন এমপি আখতার হোসেন জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন, সোমনারায়ণ উচ্চ বিদ্যালয় মাঠে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মাঝে শিক্ষা সহায়তা, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ, বড়দরগা ডিসি-দামুরচাকলা-মধুপুর (UZR) ভায়া মধ্যম সড়ক উন্নয়নকাজের উদ্বোধন, রতনপুর ১ স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত হা-ডু-ডু টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ এবং পাওটানাহাটে স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024