|
Date: 2026-11-29 16:55:16 |
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশনায় গোপালগঞ্জে প্রায় ১ লাখ ৭০ হাজার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) হিসাব বন্ধ করে দেওয়া হয়েছে। সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে এসব হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। এতে বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহকেরা টাকা পাঠানো ও উত্তোলন করতে পারছেন না। হঠাৎ করে বিপুলসংখ্যক হিসাবের লেনদেন বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক লেনদেনে ভোগান্তিতে পড়েছেন জেলার সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।
রবিবার (২৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বিএফআইইউর দেওয়া তথ্যের ভিত্তিতে এসব হিসাব বন্ধ রাখার উদ্যোগ নেয়া হয়েছে। সন্দেহজনক লেনদেনের মাধ্যমে হিসাবগুলো ব্যবহার করে অর্থ স্থানান্তর কিংবা অন্য কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এসব হিসাবের লেনদেনে অস্বাভাবিকতা ও সন্দেহজনক কার্যক্রমের তথ্য পর্যালোচনা করেই ব্যবস্থা নওয়া হয়েছে। তবে হিসাবগুলোর সাথে কারা জড়িত, সেগুলোর মাধ্যমে কী পরিমাণ অর্থ লেনদেন হয়েছে এবং এসব কর্মকাণ্ডের পেছনে কী ধরনের অপরাধের সংশ্লিষ্টতা রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখতে তদন্ত চলছে।
এদিকে হিসাব বন্ধের প্রভাব পড়েছে গ্রাহকদের দৈনন্দিন আর্থিক কর্মকাণ্ডে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠানো কিংবা নগদ অর্থ উত্তোলনের প্রয়োজন হলেও সেবা ব্যবহার করতে পারছেন না অনেকে। বিশেষ করে ব্যক্তিগত প্রয়োজন ও ব্যবসায়িক লেনদেনে এসব হিসাবের ওপর নির্ভরশীল গ্রাহকদের ভোগান্তি বেড়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীরাও নিয়মিত লেনদেন করতে না পেরে সমস্যার মুখে পড়েছেন।
গত বুধবার রাত থেকে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় গ্রাহকদের মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ হতে শুরু করে। এরপর পর্যায়ক্রমে আরও অনেক হিসাবের লেনদেন বন্ধ হয়ে যায়। রবিবার সকালেও জেলার বিভিন্ন এজেন্ট পয়েন্টে টাকা উত্তোলন ও পাঠানোর জন্য আসেন গ্রাহকেরা। কিন্তু লেনদেন বন্ধ থাকার বার্তা পেয়ে প্রয়োজনীয় সেবা না নিয়েই ফিরতে হয় তাদের।
© Deshchitro 2024