সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনে যৌথ বাহিনীর অভিযান, ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা
বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই জনকে আটক করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার সকালে ইউএনও'র নেতৃত্বে উপজেলার নারচী ইউনিয়নের উত্তর গণকপাড়া এলাকায় অভিযান চালিয়ে গাবতলী উপজেলার নারুয়ামালা মধ্য কাতুলী এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে বুলবুল আহম্মেদ (৩২), সোনাতলার নওদাবগা (সৈয়দ আহম্মদ কলেজের পাশে) এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে শহীন আলম (৩৫) কে আটক করে যৌথ বাহিনী।
আটকের পর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় আটককৃতদের দুই লাখ টাকা অর্থদন্ড করেন। এসময় বালু উত্তোলণের কাজে ব্যবহৃত ৩টি ড্রেজার মেশিন এবং প্রায় ৪০০ মিটার পাইপ ধ্বংস করা হয়েছে।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান জানান, আটককৃতদের দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হবে।
এমন অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন এই কর্মকর্তা।