জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে তিন দিন বন্ধ থাকবে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের কার্যক্রম। এতে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কমে যাওয়ায় সারা দেশে গ্যাসের স্বল্প চাপ দেখা দিতে পারে।
রবিবার (১ নভেম্বর) পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত টার্মিনালটির রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।
এ সময়ে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে। অর্থাৎ প্রতিদিন সরবরাহ কমবে ৩২০ মিলিয়ন ঘনফুট।
এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় গ্রাহক পর্যায়ে গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে। বিশেষ করে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের গ্রাহকদের সাময়িক ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে।
পেট্রোবাংলা জানিয়েছে, এর আগেও গত বছরের ডিসেম্বরে একই ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
২৮ মিনিট আগে
১ ঘন্টা ১০ মিনিট আগে
১ ঘন্টা ১২ মিনিট আগে
১ ঘন্টা ৪৭ মিনিট আগে
২ ঘন্টা ১২ মিনিট আগে
২ ঘন্টা ২৫ মিনিট আগে