কুমিল্লার নাঙ্গলকোটে জমিজমা নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে ভাতিজার ঘরে দেশীয় অস্ত্র রেখে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে আপন চাচা ও ফুফুর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ ওই যুবকের ঘর থেকে একটি রামদা ও একটি হকিস্টিক উদ্ধার করেছে। গত ১৫ নভেম্বর উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের চাটিতলা গ্রামের লালমিয়া মূন্সীর বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগকারী মো. রিপন আহমেদ জানান, দীর্ঘদিন ধরে তাঁদের পরিবারের সঙ্গে আপন চাচা সিদ্দিকুর রহমান ও ফুফু ফিরোজা বেগমের জমিজমা নিয়ে বিরোধ চলছে। ১৯৯৫ সালে তাঁর বাবা আবুল হাসেম সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা যান। বাবার মৃত্যুর পর তাঁর কক্ষের তালা ভেঙে টাকা-পয়সা ও জমিজমার প্রয়োজনীয় কাগজপত্র সরিয়ে ফেলা হয় বলে অভিযোগ করেন তিনি।
রিপনের দাবি, ২০১৭ সালে তিনি জানতে পারেন, তাঁর বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় জমি কিনেছিলেন। ওই জমির দলিল দেখতে চাইলে চাচা-ফুফুদের সঙ্গে তাঁদের বিরোধ আরও বেড়ে যায়। এ বিরোধের সমাধান চেয়ে গত ১৫ অক্টোবর তিনি আদ্রা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন। বিষয়টি যাচাই-বাছাই করে চেয়ারম্যান আগামী ২৫ নভেম্বর উভয় পক্ষকে নিয়ে সমাধানের তারিখ নির্ধারণ করেন।
রিপন আরও অভিযোগ করেন, ওই বিরোধের জের ধরে গত ১৫ নভেম্বর পরিকল্পিতভাবে তাঁর ঘরে দেশীয় অস্ত্র রাখা হয়। ঘটনার সময় তিনি লাকসামে অবস্থান করছিলেন। পরে নাঙ্গলকোট থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ফোন করে তাঁর ঘরে অস্ত্র পাওয়ার বিষয়টি জানান। বাড়িতে ফিরে ছোট ভাই এমরান হোসেন স্বপনের স্ত্রী জেবু আক্তারের কাছ থেকে জানতে পারেন, তাঁর ফুফু ফিরোজা বেগম জানালা দিয়ে ঘরে অস্ত্র রেখে গেছেন।
প্রত্যক্ষদর্শী জেবু আক্তার বলেন, ঘটনার দিন সকাল আনুমানিক ১১টার দিকে তাঁর ফুফু শাশুড়ি ফিরোজা বেগম কাকৈরতলা থেকে তাঁদের বাড়িতে আসেন। কিছুক্ষণ পর তিনি রিপনের ঘরের ফ্রিজের পাশে বাইরে থেকে কিছু একটা রাখতে দেখেন। এর প্রায় পাঁচ মিনিট পর পুলিশ বাড়িতে আসে। পরে ফিরোজা বেগমকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি অস্ত্র রাখার কথা স্বীকার করেন বলে দাবি করেন জেবু আক্তার।
রিপন জানান, পুলিশ তাঁকে থানায় যেতে বললে তিনি স্থানীয় ওয়ার্ড সদস্যকে সঙ্গে নিয়ে নাঙ্গলকোট থানায় উপস্থিত হন এবং নিজের বক্তব্যের পক্ষে প্রমাণ উপস্থাপন করেন। এ সময় পুলিশ তাঁকে চলে যেতে বলে এবং তাঁর ফুফুকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানায়।
তবে অভিযোগ অস্বীকার করে সিদ্দিকুর রহমান বলেন, রিপনের সব অভিযোগ মিথ্যা। বরং রিপন তাঁদের জমির সব দলিল নিয়ে গেছেন বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এ সময় রিপনের ঘর থেকে একটি রামদা ও একটি হকিস্টিক উদ্ধার করা হয়। জমিজমা নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ রয়েছে। উভয় পক্ষকে থানায় ডেকে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।
এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। পারিবারিক জমি নিয়ে বিরোধের পাশাপাশি ঘরে দেশীয় অস্ত্র রাখার অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৩ মিনিট আগে
১৬ মিনিট আগে
৭ ঘন্টা ১৬ মিনিট আগে
২৩ ঘন্টা ১ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ৮ মিনিট আগে