বগুড়ার সারিয়াকান্দিতে যানজট নিরসন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের সহযোগিতায় সারিয়াকান্দি পৌর বাজারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান।
অভিযান পরিচালনাকালে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৯২ ধারা মোতাবেক ৩ জনকে ১০ হাজার ৫শত টাকা , ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় এক মাংস ব্যবসায়ীকে ২ হাজার টাকাসহ মোট ৭টি মামলায় ১৩ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।
এসময় সড়ক পরিবহন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় উপজেলার টিপুর মোড় এলাকায় বিসমিল্লাহ ফল ভান্ডার এন্ড কনফেকশনারীর স্বত্বাধিকারী হাবিবুর রহমান হাবিব এর স্ত্রী সুন্দরী বেগম কে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান দৈনিক দেশচিত্রকে বলেন, দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি বাজারে অভিযান অব্যাহত থাকবে।