বগুড়ার সারিয়াকান্দির বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার ও এস্কেভেটর জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার সকালে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোরগাছা এলাকায় বাঙালি সেতুর উত্তর পূর্ব পাশে যৌথবাহিনীর সহযোগিতায় বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু শাহমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের ২টি বাঙলা ড্রেজার, ১টি এস্কেভেটর, কিছু প্লাস্টিকের পাইপ জব্দ করে জব্দকৃত মালামাল স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়। অবৈধভাবে বালু উত্তোলন কারণে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু শাহমা জানান, বগুড়া জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় কারও বিরুদ্ধে কোনও জরিমানা বা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি।