বগুড়ার সারিয়াকান্দিতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এবং সড়ক পরিবহন আইনে ছয় জনকে মোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার কামালপুর ইউনিয়নের ইছামারা এলাকায় অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার অপরাধে দুই ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে মাটি পরিবহনের কাজে নিয়োজিত ট্রাক্টর চালকদের জরিমানা ও মাটি কাটার যন্ত্র ‘ভেকু’ অকেজো করে দেওয়া হয়েছে।
ইছামারা (উত্তর) ও ইছামারা এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আদালত সূত্র জানায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারা অনুযায়ী কৃষি জমির মাটি কাটার অপরাধে রবিউল হাসান রিপনকে ১ লাখ টাকা এবং মেহেদি হাসানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে উভয়কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা তাৎক্ষণিক জরিমানার অর্থ পরিশোধ করায় তাদের মুক্তি দেওয়া হয়।
অভিযান চলাকালীন মাটি পরিবহনের কাজে নিয়োজিত ০৪ জন ট্রাক্টর ড্রাইভারকে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৭২ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়া অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত একটি ভেকু মেশিন অকেজো করে দেওয়া হয়েছে।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান জানান, কৃষিজমির উর্বরতা রক্ষা এবং অবৈধ মাটি ব্যবসায়ীদের দমনে প্রশাসনের এ অবস্থান কঠোর। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।