বগুড়ার সারিয়াকান্দি পৌর এলাকায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ধানের শীষের প্রার্থী কাজী রফিকুল ইসলামের পক্ষে বিশাল নির্বাচনী মিছিল ও গণসংযোগ করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার সকালে সারিয়াকান্দি পৌর মহিলা নেত্রী মৌসুমী আক্তার বিথীর নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
মিছিলে নারী কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। হাতে ধানের শীষের পোস্টার ও লিফলেট নিয়ে তারা কাজী রফিকুল ইসলামের পক্ষে ভোট চেয়ে স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। এসময় স্থানীয় সাধারণ ভোটারদের মাঝেও ব্যাপক উদ্দীপনা দেখা যায়।
মিছিল পরবর্তী সমাবেশে প্রধান বক্তা হিসেবে মৌসুমী আক্তার বিথী বলেন, সারিয়াকান্দি ও সোনাতলার মাটি ও মানুষের নেতা কাজী রফিকুল ইসলামের হাতকে শক্তিশালী করতে আজ নারী সমাজ মাঠে নেমেছে। উন্নয়ন আর গণতন্ত্রের স্বার্থে ধানের শীষের কোনো বিকল্প নেই। আমরা ঘরে ঘরে গিয়ে মা-বোনদের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিচ্ছি এবং ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করব।