জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইনের বিরুদ্ধে সভায় আমন্ত্রণ না জানানো, মনগড়াভাবে কার্যক্রম পরিচালনা, সমন্বয়হীনতা এবং সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অসহযোগিতাসহ নানা অভিযোগ তুলেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব।
গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ইসলামপুর উপজেলা পরিষদ সভাকক্ষে জামালপুর-২ ইসলামপুর আসনের বিএনপির মনোনীত নবনির্বাচিত এমপি সুলতান মাহমুদ বাবুর সঙ্গে সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব অভিযোগ করেন তিনি। তবে এমপি সুলতান মাহমুদ বাবু তাঁর বক্তব্যে ইউএনওর কাজের প্রশংসা করেছেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, 'আজকের এই মতবিনিময় সভায় ইউএনও আমাদের দলীয় নেতা-কর্মীদের আমন্ত্রণ জানায়নি। ইউএনও এ উপজেলায় যোগদানের পর থেকেই তাঁর মনগড়াভাবে কার্যক্রম পরিচালনা করে আসছেন। বিভিন্ন সভা-সমাবেশ হলেও দলীয় নেতাদের আমন্ত্রণ জানানো হয় না।'
নুরুল ইসলাম নবাব বলেন, 'ইউএনও আমাদের সঙ্গে সমন্বয়হীনতা করে আছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা পাওয়া যায়নি। বিপরীতে অসংখ্য নেতা-কর্মীকে বেআইনিভাবে মারধর করা হয়েছে। গুরুতর আহত হয়ে এখনো অসংখ্য নেতা-কর্মী চিকিৎসা নিচ্ছে।'
তিনি আরও বলেন, 'গত স্বৈরাচার সরকারের আমলে যেভাবে প্রশাসন চলছিলো। এখানে ইউএনও সেভাবেই প্রশাসন চালাচ্ছেন। আমরা এমনটা আশা করিনি।'
এসময় ইউএনও নাজমুল হুসাইন স্পিকারে বিএনপি নেতা নুরুল ইসলাম নবাবের বক্তব্যকে 'আপত্তিকর' উল্লেখ করে বলেন, 'উপজেলা প্রশাসনের পক্ষে আইন অনুযায়ী কাজ করা হচ্ছে। আমরা সরকারের পক্ষে সেবা দিতে এসেছি। কারো সঙ্গে বৈরিতা আমাদের কাম্য নয়।'
ইউএনও নাজমুল হুসাইনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইমরুল হাসান,
এলজিইডির উপজেলা প্রকৌশলী তোফায়েল আহমেদ এবং ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম গাজী।
সভায় উপজেলার চলমান প্রকল্পের অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং অবকাঠামোসহ
সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি সুলতান মাহমুদ বাবু বলেন, 'ইউএনও সাহেব অত্যন্ত যোগ্য ও মেধাবী সম্পন্ন। কথা কম বলেন। কিন্তু কাজ ভালোই করেন। আমি উনার জন্য দোয়া করি। আশা করি, উত্তরোত্তর উন্নত জীবনে তিনি ভালো থাকবেন।'
এমপি বাবু আরও বলেন ইসলামপুরকে ঢেলে সাজানো হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। স্বচ্ছতা, জবাবদিহি ও জনসম্পৃক্ততা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।'
যোগাযোগ করা হলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব মোবাইল ফোনে বলেন, 'সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দলীয় নেতা-কর্মীদের আমন্ত্রণ জানানো হয় না। ইউএনও ইচ্ছে মাফিক কাজ করে যাচ্ছে। সংসদ নির্বাচনে সহযোগিতার বিপরীতে তাঁর অসহযোগিতায় অসংখ্য নেতা-কর্মীকে বেআইনিভাবে মারধর করা হয়েছে। গুরুতর আহত হয়ে এখনো অসংখ্য নেতা-কর্মী চিকিৎসা নিচ্ছে। এবিষয়গুলো মতবিনিময় সভায় বলেছি।'
আনীত অভিযোগ সম্পর্কে ইউএনও নামজুল হুসাইন আজকের পত্রিকাকে বলেন, 'জনস্বার্থ রক্ষাতে আইনানুসারে কাজ করে যাচ্ছি। কারোর সঙ্গে বিরোধ নেই। তবে কেউ যদি অযথা অভিযোগ তোলেন, এক্ষেত্রে আমাদের করণীয়ও কিছু নেই। প্রশাসনের পক্ষ থেকে নাগরিক সেবা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। আমরা সেটাই করে যাচ্ছি।'
১ ঘন্টা ২ মিনিট আগে
৩ ঘন্টা ৮ মিনিট আগে
৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
৪ ঘন্টা ১১ মিনিট আগে
৪ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৫ ঘন্টা ৪১ মিনিট আগে
১৮ ঘন্টা ৫৭ মিনিট আগে