দিনাজপুরে ‘মা ও শিশু সহায়তা কর্মসূচির’ আওতায় ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ জুন) সকালে দিনাজপুর মিউনিসিপ্যাল হাইস্কুলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেন, “যে জাতি নারীদের সম্মান ও শিশুদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে না, সেই জাতি কখনো উন্নতি করতে পারে না। আমাদের সর্বক্ষেত্রে নারীদের সম্মান ও শিশুদের অধিকার নিশ্চিত করতে হবে।”
মা ও শিশু সহায়তা কর্মসূচির গুরুত্ব তুলে ধরে মন্ত্রী আরও বলেন, “গর্ভবতী মা ও শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। ২০ থেকে ৩৫ বছর বয়সী নারীরা গর্ভবতী হওয়ার পর থেকে শিশু ভূমিষ্ঠ হওয়ার পরবর্তী সময় পর্যন্ত যেন সুস্থ ও সবলভাবে বেড়ে উঠতে পারে, সেজন্যই সরকার এই সহায়তা প্রদান করছে।”
বর্তমানে গর্ভবতী মায়েদের জন্য মাসিক ৮৫০ টাকা সহায়তা প্রদান করা হলেও, আগামী জুলাই মাস থেকে তা বাড়িয়ে ৯০০ টাকা করা হবে বলেও ঘোষণা দেন মন্ত্রী।
মহিলা বিষয়ক অধিদপ্তর, দিনাজপুর কার্যালয়ের আয়োজনে এবং জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির (ইউএনডব্লিউএফপি) কারিগরি সহায়তায় এই এনরোলমেন্ট ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। এর সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক পরিস্থিতি, পরিচালনা পর্ষদের ভূমিকা এবং নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধে সরকারের গৃহীত বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ সম্পর্কে আলোকপাত করেন। বিশেষ অতিথি হিসেবে পৌর প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, ইউ এন ডব্লিউ এফ পি এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ভাই থাপা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পালসহ মহিলা বিষয়ক অধিদপ্তর,সমাজসেবা অধিদপ্তর, দিনাজপুর কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
