গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
‘সুস্থ মানুষ, সুন্দর সমাজ গড়ার প্রত্যয়’—এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর খানের উদ্যোগে দুই দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে গোয়ালন্দ উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকার প্রায় ৫০০ অসহায় ও নিম্নআয়ের মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের নিজ বাড়ির সামনে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ তিনজন চিকিৎসক রোগীদের চিকিৎসাসেবা দেন। চিকিৎসকরা হলেন—ঢাকা পিজি হাসপাতালের অর্থোপেডিক সার্জারি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. শাহাদাত হোসাইন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ও গাইনি রোগ বিশেষজ্ঞ ডা. মাসাউন্নাহার বনানী এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (মেডিসিন) ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডা. এ বি এম ফেরদৌস রহমান।
এ ছাড়া স্থানীয় চিকিৎসকরাও ক্যাম্পে সহযোগিতা করেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়।
চিকিৎসাসেবা নিতে আসা জোসনা বেগম বলেন, ‘অনেক দিন ধরে অসুস্থতায় ভুগছিলাম। জানতে পারি, জাহাঙ্গীর ভাই আমাদের এলাকার মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছেন। এখানে এসে চিকিৎসা নিয়েছি এবং প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে পেয়েছি। তিনি যেন সবসময় এভাবে মানুষের সেবা করতে পারেন—এই দোয়া করি।’
আরেক রোগী মোছা. খোদেজা বলেন, ‘আমি অসহায়। অনেক দিন ধরে অসুস্থ থাকলেও টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলাম না। পাশের বাড়ির ভাবির কাছে জানতে পারি, জাহাঙ্গীর ভাই বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছেন। খবর পেয়ে এখানে এসে চিকিৎসা নিয়েছি এবং ওষুধও পেয়েছি। আমাদের মতো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি ভালো একটি উদ্যোগ নিয়েছেন। আমি তাঁর জন্য দোয়া করি, তিনি যেন সবসময় মানুষের পাশে থাকেন।’
এ বিষয়ে মেয়র পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর খান বলেন, ‘আমি এই এলাকাতেই জন্মেছি। এলাকার মানুষের জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগে। আল্লাহ আমাকে যতটুকু সম্পদ দিয়েছেন, তার একটি অংশ অসহায় ও দরিদ্র মানুষের জন্য ব্যয় করার চেষ্টা করি। কোনো কিছু পাওয়ার আশায় নয়, মানুষের ভালোবাসা পাওয়ার জন্যই আমি এসব কাজ করি।’
তিনি আরও বলেন, ‘আমি মেয়র হই বা না হই, অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করব। ভবিষ্যতেও সমাজের মানুষের পাশে থেকে তাদের সেবা করতে চাই।’
উল্লেখ্য, দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গোয়ালন্দ শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। দুই দিনে বিপুলসংখ্যক অসহায় ও নিম্নআয়ের মানুষ এ সেবা গ্রহণ করেন।
১ ঘন্টা ১২ মিনিট আগে
২ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩ ঘন্টা ২৭ মিনিট আগে
৫ ঘন্টা ১৫ মিনিট আগে
৫ ঘন্টা ৩০ মিনিট আগে
৫ ঘন্টা ৪৪ মিনিট আগে