রংপুরের পীরগাছায় রাজবাড়ী উচ্চ বিদ্যালয় সংলগ্ন সরকারি সড়কের পাশের একটি বড় তালগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে ‘ছ’ মিলের মালিক লেবু মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম বলেন, ২০১১ সালে পীরগাছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক রফিকুল হাসানের সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে সড়কের পাশে প্রায় ৪০০টি তালগাছ রোপণ করা হয়। দীর্ঘদিন পরিচর্যার পর এর মধ্যে কয়েকটি গাছ বড় হয়েছে। এর মধ্যে একটি বড় তালগাছ সম্প্রতি কেটে ফেলা হয়েছে।
তিনি বলেন, গাছটি কাটার খবর পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে গাছ না কাটার জন্য বলা হলেও তাতে কোনো সাড়া পাওয়া যায়নি। এর আগেও রাতের আঁধারে একটি পুরোনো গাছ নষ্ট করার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। এভাবে গাছ কেটে ফেললে দীর্ঘদিনের বৃক্ষরোপণ উদ্যোগ নষ্ট হয়ে যাবে উল্লেখ করে তিনি ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পীরগাছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক রফিকুল হাসান বলেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে পরিশ্রম করে প্রায় ৪০০টি তালগাছ রোপণ করা হয়েছিল। কিন্তু ‘লেবু’ নামে এক ব্যক্তির বিরুদ্ধে এর আগেও কয়েকটি তালগাছের চারা ও বিচি নষ্ট করার অভিযোগ রয়েছে। সর্বশেষ ফল দেওয়ার উপযোগী হয়ে ওঠা একটি বড় তালগাছ কেটে ফেলা হয়েছে।
তিনি আরও বলেন, এসব গাছ শুধু বিদ্যালয় বা এলাকার সম্পদ নয়, পরিবেশের জন্যও গুরুত্বপূর্ণ। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্ষতিপূরণের দাবি জানান তিনি।
এ ঘটনায় রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেন। পরে কয়েক শ শিক্ষার্থী ও শিক্ষক ঘটনাস্থলে প্রতিবাদ জানান।
অভিযোগের বিষয়ে লেবু মিয়া প্রথমে গাছ কাটার কথা স্বীকার করলেও পরে সাংবাদিকের কাছে তা অস্বীকার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
১ ঘন্টা ৪৩ মিনিট আগে
২ ঘন্টা ১৩ মিনিট আগে
৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৩ ঘন্টা ৪২ মিনিট আগে
৫ ঘন্টা ২৭ মিনিট আগে
৬ ঘন্টা ১২ মিনিট আগে