দু-একটি পক্ষ অনবরত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নিচে নামানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মার্মা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় হাতিয়া শহর বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে উপজেলা- পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মাধবী মার্মা বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর দু-একটি পক্ষ অনবরত সরকারকে টেনেহিঁচড়ে নিচে নামানোর চেষ্টা করছে। আমরা তাদের সেই চেষ্টা সফল হতে দেব না। তারা আমাদের উত্তেজিত করার জন্য নানাভাবে চেষ্টা করছে, যাতে আমরা প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠি। কিন্তু তাদের উদ্দেশ্যপ্রণোদিত প্রতিহিংসার ফাঁদে আমরা পা দেব না।’
তিনি আরও বলেন, ‘বিএনপি কখনো প্রতিশোধের রাজনীতি করে না। সরকার পরিচালনায় আমরা কতটা বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারি এবং কীভাবে প্রতিহিংসা এড়িয়ে নিজেদের একটি প্রতিশ্রুতিশীল অবস্থানে নিয়ে যেতে পারি, সে বিষয়ে দলের প্রত্যেককে সচেতন থেকে কাজ করতে হবে।’
দলের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও পরিপক্বতা কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক আদর্শ, জীবনাচার ও দিকনির্দেশনা সবার অনুসরণ করা উচিত।
হাতিয়ার উন্নয়ন ও অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরে সংসদ সদস্য বলেন, ‘হাতিয়ায় এসে বিভিন্ন জায়গা পরিদর্শন করেছি। এখানকার মানুষের অনেক কষ্ট রয়েছে। নদীভাঙন এখানকার প্রধান সমস্যা। বিষয়টি নিয়ে আমি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে কথা বলব। হাতিয়ার নদীভাঙন রোধে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে। আমি বিষয়টি প্রধানমন্ত্রীকে আবারও স্মরণ করিয়ে দেব।’
হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাতের সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক আশিক ইকবালের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান, সাবেক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, বিএনপি নেতা সাব্বির উদ্দিন মাসুম, উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস, সদস্যসচিব ফাহিম উদ্দিন, পৌরসভা যুবদলের আহ্বায়ক মমিন উল্যাহ রাসেল, সদস্যসচিব কাওসার মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুমন তালুকদার, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্যসচিব আবদুল হালিমসহ তৃণমূল পর্যায়ের নেতারা।