নাটোরের সিংড়া উপজেলায় চলনবিলের আবাদি জমি কেটে পুকুর খননের অভিযোগ উঠেছে। উপজেলার ২ নম্বর ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামে আনুমানিক ১১ বিঘা ধানী জমিতে ভেকু (এক্সকাভেটর) দিয়ে পুকুর খনন করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এতে কৃষিজমির শ্রেণি পরিবর্তন, ফসল উৎপাদন এবং এলাকার কৃষি পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিংড়া-বারুহাস সড়কসংলগ্ন আয়েশ গ্রামে মোজাম্মেলের বাড়ির দক্ষিণ পাশে এই খননকাজ চলছে। অভিযোগ অনুযায়ী, জমির মালিক হায়দার মোল্লা গং। আর খননকাজে ব্যবহৃত ভেকুর মালিক হামিদুল। তাঁর বাড়ি উপজেলার বিয়াশ চকপাড়া গ্রামে বলে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ধান চাষের উপযোগী জমি কেটে পুকুর তৈরি করা হলে ভবিষ্যতে ওই জমিতে আগের মতো ফসল উৎপাদনের সুযোগ কমে যেতে পারে। পাশাপাশি অপরিকল্পিতভাবে পুকুর খননের ফলে জমির স্বাভাবিক পানি নিষ্কাশনব্যবস্থা ও আশপাশের কৃষিজমিতে প্রভাব পড়ার আশঙ্কাও রয়েছে।
স্থানীয় কৃষকরা জানান, চলনবিল এলাকার মানুষের জীবিকা ও স্থানীয় অর্থনীতির একটি বড় অংশ কৃষির ওপর নির্ভরশীল। ধানসহ বিভিন্ন ফসল উৎপাদনের জন্য এ অঞ্চলের আবাদি জমি গুরুত্বপূর্ণ। এ অবস্থায় কৃষিজমি কেটে পুকুর খনন অব্যাহত থাকলে দীর্ঘমেয়াদে কৃষিজমির পরিমাণ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত জানান, আবাদী জমি কেটে পুকুর খননের সুযোগ নাই। বিষয়টি জানা ছিলো না। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
১ ঘন্টা ২৮ মিনিট আগে
১ ঘন্টা ৫৭ মিনিট আগে
২ ঘন্টা ১৫ মিনিট আগে
২ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩ ঘন্টা ২৩ মিনিট আগে