ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার সময় বাড়িতে তার মা-বাবা অবস্থান করছিলেন। তবে এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
রবিবার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন সাদিক কায়েম। এ ঘটনার জন্য তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন।
খাগড়াছড়ি সদর থানার ওসি কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার দিবাগত রাত ৩টার পর বাড়িটিতে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়ির দেয়ালে আগুন দেওয়ার চেষ্টা হয়েছিল। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতে সাদিক কায়েমের পরিবারের সদস্যদের চিৎকার শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় বাড়ির সিঁড়ির পাশের উঠানে আগুন জ্বলতে দেখেন। পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। ঘটনাস্থলে কেরোসিনও পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
ফেসবুক পোস্টে সাদিক কায়েম লিখেছেন, ‘আজ রাত ৩টা ৩০ মিনিটের দিকে খাগড়াছড়িতে আমার বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালায় নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা। ঘটনার সময় বাড়িতে আমার বাবা-মা অবস্থান করছিলেন। সন্ত্রাসীরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুরো বাড়িতে অগ্নিসংযোগের পরিকল্পনা করেছিল। আল্লাহর অশেষ রহমতে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় নেভানো সম্ভব হয়। আমার বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন, আলহামদুলিল্লাহ।’
তিনি আরও লিখেছেন, ‘জনবিচ্ছিন্ন খুনি হাসিনার দোসররা ভেবেছে, জুলাইপন্থি ছাত্র-জনতার ওপর এভাবে হামলা, হুমকি ও ভীতি প্রদর্শন করে তারা আবারও এদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠবে। পেট্রোলবোমা, অগ্নিসন্ত্রাস আর রাতের আঁধারে কাপুরুষোচিত হামলা চালিয়ে তারা জনগণের ওপর পালিয়ে যাওয়ার প্রতিশোধ নিতে চায়। এসব চোরাগোপ্তা সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের দমাতে পারবে না, বরং আমাদের লড়াইকে আরও দৃঢ় করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদী আওয়ামী রাজনীতির পুনর্বাসন হতে দেওয়া হবে না, এটাই প্রথম ও শেষ কথা। আওয়ামী অপশক্তির রাজনৈতিক মৃত্যু বাংলাদেশের মাটিতে অচিরেই আমরা নিশ্চিত করব, ইনশাআল্লাহ।’
১৭ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৮ ঘন্টা ১৮ মিনিট আগে
২০ ঘন্টা ১৬ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
১ দিন ৪ ঘন্টা ৫২ মিনিট আগে