আশাশুনি উপজেলার বুধহাটা থেকে পাইথালী সড়কের বেহাল দশা দীর্ঘদিনেও কাটেনি। সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও পিচ উঠে যাওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজার হাজার মানুষ। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সড়কটি সংস্কারের সিদ্ধান্ত হলেও পাঁচ মাসেও কাজ শুরু হয়নি।
গুরুত্বপূর্ণ এ সড়কের বিভিন্ন স্থানে ভাঙাচোরা ও গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই গর্তে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। রিকশা, ভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ঝুঁকি এড়াতে অনেক চালক মূল সড়ক ছেড়ে গ্রামের ছোট ছোট পথ ব্যবহার করছেন। সেখানেও বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। সড়কটির বেহাল অবস্থার কারণে স্থানীয় কৃষিপণ্য ও উৎপাদিত মালামাল বাজারে আনা-নেওয়ায় অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে।
স্থানীয় আজিজুল ইসলাম জানান, সড়কটির অবস্থা অত্যন্ত খারাপ। জরাজীর্ণ রাস্তার কারণে অনেকেই বিকল্প পথ ব্যবহার করছেন। এতে যাতায়াতের খরচ ও ভোগান্তি দুটোই বেড়েছে।
গাড়িচালক ইমন রাজা জানান, প্রতিদিন দুই-তিনবার এ সড়ক দিয়ে গাড়ি নিয়ে চলাচল করেন তিনি। রাস্তার বিভিন্ন স্থানে গভীর গর্ত ও দেবে যাওয়ায় গাড়ি চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ কারণে অনেক সময় বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট এলজিইডি কর্মকর্তাদের যথাযথ উদ্যোগের অভাবেই সড়কটির এমন বেহাল অবস্থা দীর্ঘায়িত হচ্ছে। তারা দ্রুত সড়কটি সংস্কার বা পুনর্নির্মাণ, ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী অনিন্দ্যদেব সরকার জানান, বুধহাটা থেকে গাজীরমাঠ বাজার পর্যন্ত ২ হাজার ৫০০ মিটার সড়কের মাপজরিপ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। বাজেট বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু জানান, মহিষকুড় ও বাঁশতলা সড়ক ও আশাশুনি সদরের সোনালী ব্যাংকের সামনের সড়কের সংস্কারকাজ শেষ হয়েছে, বুধহাটা-পাইথালী সড়কের কাজ শুরু করা হবে।