নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেরপুরের ঝিনাইগাতীর মরিয়মনগরে উদযাপিত হয়েছে গারো আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী নবান্ন উৎসব ‘ওয়ানগালা-২০২৬’। উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে কারিতাস বাংলাদেশ-এর আলোক কোরে-২ প্রকল্প, ময়মনসিংহ অঞ্চলের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে বীজ ও খাদ্য বৈচিত্র্য মেলা। ২০ থেকে ২২ নভেম্বর পর্যন্ত আয়োজিত এ উৎসবে কারিতাস আলোক কোরে-২ প্রকল্পের আওতাধীন বকশীগঞ্জ ও শ্রীবরদী উপজেলার চারটি নারী ও পুরুষ কৃষক দলের অংশগ্রহণে পাঁচটি স্টলে আদিবাসী জনগোষ্ঠীর উৎপাদিত ও সংরক্ষিত ৭৫ প্রজাতির বিভিন্ন জৈব শাকসবজি, বীজ ও ঐতিহ্যবাহী খাবার প্রদর্শন করা হয়। এ মেলার মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব কৃষিজ্ঞান, দেশীয় বীজ সংরক্ষণ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং খাদ্য বৈচিত্র্য রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। অনুষ্ঠানে প্রধান কামাল বা ধর্মীয় পুরোহিতের দায়িত্ব পালন করেন ঢাকার মহামান্য আর্চবিশপ বিজয় এনডি ক্রুশ, ওএমআই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস বাংলাদেশের প্রোগ্রামস ডিরেক্টর মি. অপূর্ব ম্রং এবং ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন এলাকার প্রায় পাঁচ শতাধিক আদিবাসী খ্রিষ্টভক্ত, কৃষক-কৃষাণি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
ওয়ানগালা গারো জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ফসল উৎসব, যা প্রকৃতি ও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে উদযাপিত হয়। এ উৎসবের সঙ্গে বীজ ও খাদ্য বৈচিত্র্য মেলার আয়োজন আদিবাসীদের ঐতিহ্যবাহী কৃষি সংস্কৃতি, দেশীয় বীজের সংরক্ষণ এবং পুষ্টিকর ও বৈচিত্র্যময় খাদ্যাভ্যাসকে উৎসাহিত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে।
১ ঘন্টা ৯ মিনিট আগে
১ ঘন্টা ৩৯ মিনিট আগে
২ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪ ঘন্টা ৬ মিনিট আগে