জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ভুয়া (ফেক) ফেসবুক আইডি খুলে অপপ্রচারের ঘটনা ঘটেছে। এনিয়ে ইসলামপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইউএনও শাহ্ মো. জুবায়ের। এ ছাড়া ওই ফেক ফেসবুক আইডি নিস্ক্রিয় করতে জনসাধারণকে রিপোর্ট করার অনুরোধ করেছেন তিনি।
আজ শনিবার (১ আগষ্ট) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ইউএনও শাহ্ মো. জুবায়ের।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসারের অফিসিয়াল ফেসবুক আইডিতে দেওয়া ইউএনওর ছবি ব্যবহার করে একটি চক্র নানা অপপ্রচার চালিয়ে আসছে। এনিয়ে গতকাল শুক্রবার বিকেলে ইসলামপুর থানায় জিডি করেন ইউএনও শাহ্ মো. জুবায়ের।
জিডিতে উল্লেখ করা হয়েছে, অবৈধভাবে ইউএনওর ছবি ব্যবহার করে অজ্ঞাতনামা ব্যক্তিরা ফেক ফেসবুক আইডি খুলে বিভিন্ন ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করে আসছে।
উক্ত আইডির মাধ্যমে ইউএনওর ভুয়া পরিচয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি, সরকারি ভাবমূর্তি ক্ষুন্ন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এতে সরকারি দায়িত্ব পালনে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটতে পারে।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ইউএনও অফিসিয়াল ফেসবুক আইডি থেকে একটি পোষ্ট লেখায় উল্লেখ করেন, ইসলামপুরের ইউএনওর অফিসিয়াল ফেসবুকের প্রোফাইল এ দেওয়া ইউএনও শাহ্ মো. জুবায়ের এঁর ছবি ব্যবহার করে 'Mimajh Hgv' নামে একটি ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে। সবাইকে প্রোফাইলটির লিংক-এ ঢুকে রিপোর্ট করার জন্য অনুরোধ করছি।
ইউএনওর ছবি দিয়ে তৈরি করা ওই ফেসবুক আইডি ঘেঁটে জানা গেছে, ফেক আইডিটির ব্যবহারী নিজেকে ডিজিটাল ক্রিয়েটর হিসেবে পরিচয় দিয়েছেন। পার্সোনাল ডিটেইলস এ উল্লেখ করা হয়েছে, ফেক আইডিটি ব্যবহারী জামালপুর সদর উপজেলার বাসিন্দা। তাঁর জন্ম তারিখ ৩ জুন ১৯৭১।
ফেক আইডিতে দুইদিন আগে দেওয়া একটি পোষ্টে উল্লেখ করা হয়েছে, ফ্যামিলি কার্ড শুমারি সুপারভাইজার এবং তথ্য সংগ্রহকারী পদে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা নেওয়ার বিষয়ে নানা ধরনের অভিযোগের কথা। সাংবাদিকদের নিয়েও মানহানিকর মন্তব্য করা হয়েছে। এ উপজেলা থেকে বদলি হওয়া একজন ইউএনওর নামেও করা হয়েছে অপপ্রচার। এ ছাড়া বর্তমান ইউএনওকে নিয়েও করা হয়েছে নানা বেমানান মন্তব্য।
ইউএনও শাহ্ মো. জুবায়ের বলেন, অফিশিয়াল ফেসবুক আইডিতে দেওয়া আমার ছবি ব্যবহার করে ফেক আইডি খুলে প্রতারক চক্র অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি নজরে আসায় থানায় জিডি করা হয়েছে। এ ছাড়া ওই ফেক আইডি নিস্ক্রিয় করতে জনসাধারণকে রিপোর্ট করতে বলা হয়েছে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালে ৭ ফেব্রুয়ারি তৎকালীন ইউএনও মো. তৌহিদুর রহমানের ব্যবহৃত দাপ্তরিক মোবাইল নম্বর হ্যাক করার ঘটনা ঘটে ছিলো। ওই সময় প্রতারক চক্রটি ইউএনও মোবাইল নম্বর থেকে কল দিয়ে নিজেকে ইউএনও দাবি করে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে অর্থ দাবি করেছিলো। এনিয়ে আজকের পত্রিকার অনলাইন সংস্করণে খবর প্রকাশ হয়েছিলো।
৭ দিন ২ ঘন্টা ৭ মিনিট আগে
৭ দিন ৫ ঘন্টা ৫৪ মিনিট আগে
৮ দিন ২ ঘন্টা ৪ মিনিট আগে
৮ দিন ১৫ ঘন্টা ২৯ মিনিট আগে
১০ দিন ৩ ঘন্টা ৩ মিনিট আগে
১৪ দিন ৪ ঘন্টা ১৪ মিনিট আগে
১৮ দিন ৭ ঘন্টা ৩ মিনিট আগে