শেরপুরের নালিতাবাড়ীতে সাত বছর বয়সী এক শিশুকে অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবির ঘটনায় দায়ের করা মামলায় চার আসামিকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাদের আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বাহাউদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবী।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামের আকবর আলীর ছেলে রাইসুল হুদা (৩৪), আবুল কাশেমের ছেলে বোরহান উদ্দিন (৩৭), মো. আরব আলীর ছেলে জামিরুল ইসলাম (৩৯) এবং মো. সাহেদউল্লার ছেলে আব্দুল্লাহ আল মামুন বাবু (৩২)।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৪ আগস্ট নালিতাবাড়ী শহরের দক্ষিণ গড়কান্দা সাহাপাড়া এলাকা থেকে সাত বছর বয়সী ওই শিশুকে অপহরণ করেন আসামিরা। পরে শিশুটির পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। তবে আর্থিক অসচ্ছলতার কারণে শিশুটির পরিবার মুক্তিপণের টাকা দিতে পারেনি।
অপহরণের পরদিন জামালপুর জেলার নারিকেলী বাজার এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে ৯ সেপ্টেম্বর শিশুটি অপহরণকারী রাইসুল হুদাকে চিনতে পেরে শনাক্ত করে। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অপহরণের কথা স্বীকার করেন এবং ঘটনায় জড়িত অন্য সহযোগীদের নাম প্রকাশ করেন।
এ ঘটনায় ওই দিনই শিশুটির বাবা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন তালুকদার ২০১৪ সালের ২৬ ডিসেম্বর চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার বিচারিক কার্যক্রমে বাদী, ভুক্তভোগী শিশু, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট, তদন্ত কর্মকর্তাসহ একাধিক সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত চার আসামিকে এ দণ্ড দেন।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত দুই আসামি রাইসুল হুদা ও জামিরুল ইসলামকে সাজা পরোয়ানামূলে জেলা কারাগারে পাঠানো হয়েছে। অপর দুই আসামি বোরহান উদ্দিন ও আব্দুল্লাহ আল মামুন বাবু পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।
৬ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৯ ঘন্টা ৩ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ৯ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ১৯ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ৫১ মিনিট আগে
২ দিন ৮ ঘন্টা ১৭ মিনিট আগে
২ দিন ৯ ঘন্টা ৪৫ মিনিট আগে
২ দিন ৯ ঘন্টা ৫১ মিনিট আগে