শিক্ষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ডোমার উপজেলা এনসিপির বিবৃতি প্রদান
দেশব্যাপী এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের তিন দফা দাবিতে চলমান আন্দোলনের প্রতি সর্বাত্মক সংহতি ও তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতি প্রদান করেছে জাতীয় নাগরিক পার্টি - এনসিপির ডোমার উপজেলা শাখা। গতকাল মঙ্গলবার (১৪ই অক্টোবর) রাতে এনসিপির উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম-সমন্বয়কারী মাহফুল হোসেন রিপুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, তিন দফা দাবিতে শিক্ষকদের আন্দোলনে সরকারের ভ্রুক্ষেপ না থাকা পুরো জাতির জন্য হতাশাজনক। এনসিপি মনে করে, শিক্ষকদের মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতার দাবিগুলো ন্যায়সঙ্গত ও যৌক্তিক। তাদের দাবিগুলো মেনে নিতে বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে দলটি। এছাড়া শিক্ষক নেতৃবৃন্দকে ধৈর্য্য ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান তারা।
আরও বলা হয়, জাতীয় নাগরিক পার্টি - এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) আবু সাঈদ লিওন, ডোমার উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট আসিফ ইকবাল মাহমুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা সাপেক্ষে সর্বসম্মতিক্রমে আন্দোলনের প্রতি সংহতি জানায়।