শেরপুরের ঝিনাইগাতীতে গ্রাম আদালত কার্যক্রম আরও কার্যকর ও জনমুখী করতে ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন। কর্মশালার আয়োজন করে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন। এতে সহযোগিতা করে স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (তৃতীয় পর্যায়)।
কর্মশালায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের (তৃতীয় পর্যায়) উপজেলা সমন্বয়কারী মো. পলাশ মিয়া। তিনি জানান, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ঝিনাইগাতীতে গ্রাম আদালতের কার্যক্রম শুরু হলেও প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করে ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে মামলা গ্রহণ কার্যক্রম শুরু হয়।
তিনি আরও বলেন, “২০২৬ সালের এপ্রিল পর্যন্ত উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে মোট ৭১১টি দেওয়ানি ও ফৌজদারি বিরোধসংক্রান্ত মামলা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে অধিকাংশ মামলার সফল ও সন্তোষজনক নিষ্পত্তি হয়েছে, যা স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে ইতিবাচক ভূমিকা রাখছে।”
সভাপতির বক্তব্যে ইউএনও মো. আল-আমীন বলেন, “গ্রাম আদালতকে পরিপূর্ণভাবে কার্যকর করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। স্থানীয় পর্যায়ে যেসব বিরোধ দ্রুত ও সহজভাবে নিষ্পত্তি করা সম্ভব, সেগুলোর জন্য জনগণকে জেলা সদরে গিয়ে ভোগান্তির শিকার হতে হবে না। এজন্য গ্রাম আদালতের সুফল ও কার্যকারিতা নিয়ে ব্যাপক প্রচারণা চালানো জরুরি।”
দিনব্যাপী কর্মশালায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালায় গ্রাম আদালত ব্যবস্থাকে আরও জনসম্পৃক্ত ও কার্যকর করতে বিভিন্ন সুপারিশ ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।
১ ঘন্টা ৪০ মিনিট আগে
১ ঘন্টা ৪৫ মিনিট আগে
২ ঘন্টা ৪৮ মিনিট আগে
২ ঘন্টা ৫০ মিনিট আগে
৩ ঘন্টা ৮ মিনিট আগে
১ দিন ৬ ঘন্টা ৫৭ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ৩৪ মিনিট আগে
১ দিন ১৫ ঘন্টা ৭ মিনিট আগে