দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও বাংলাদেশের কর্মীদের জন্য খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। এরই মধ্যে মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠানে ১১২ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি আরও কয়েকটি খাতে কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে সংস্থাটি।
বোয়েসেল জানিয়েছে, মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১১২ জন কর্মী নিয়োগের কার্যক্রম চলমান। এ ছাড়া দেশটির পর্যটন, উৎপাদন ও কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের আনুষ্ঠানিক চাহিদাপত্র পেয়েছে প্রতিষ্ঠানটি। নতুন করে শ্রমবাজার চালু হওয়ায় মালয়েশিয়াগামী কর্মীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।
আগের নিয়োগপ্রক্রিয়ায় অংশ নিতে না পারা কয়েকজন আগ্রহী কর্মী জানিয়েছেন, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে তারা বোয়েসেলের মাধ্যমে আবেদন করতে চান। তাদের ভাষ্য, সরকারি ব্যবস্থাপনায় বিদেশ যাওয়ার ক্ষেত্রে তুলনামূলক কম খরচে যাওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া সরকারি যোগাযোগের মাধ্যমে বিভিন্ন সুযোগ-সুবিধাও পাওয়া যায়।
এ বিষয়ে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কয়েকজন বলেন, একটি নিয়োগ প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। আমরা নতুন করে আবেদন করার সুযোগ পেলে আগামীতে বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়া যেতে চাই। আগের নিয়োগপ্রক্রিয়ায় আমরা অংশ নিতে পারিনি এবং আবেদনও করতে পারিনি। তাই সামনে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আবেদন করার ইচ্ছা আছে।
তারা আরও বলেন, বোয়েসেলের মাধ্যমে বিদেশ যাওয়ার ক্ষেত্রে অনেক ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। যেমন, বিনা খরচে বা খুব কম খরচে যাওয়ার সুযোগ পাওয়া যায়। ফলে যাতায়াতের জন্য একবারে খুব বেশি টাকা খরচ করতে হয় না বললেই চলে। এ ছাড়া সরকারি যোগাযোগের মাধ্যমে বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়া যায়। সব ধরনের সুযোগ-সুবিধাই বোয়েসেলের মাধ্যমে পাওয়া সম্ভব।
বিনা খরচে কর্মী পাঠানোর এ কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্ব দিচ্ছে বোয়েসেল। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানিয়েছেন, মালয়েশিয়া থেকে পাওয়া চাহিদাপত্র অনুযায়ী ধাপে ধাপে নিয়োগ কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি বলেন, আজ পর্যন্ত আমরা ৫৫৮ জনের চাহিদাপত্র পেয়েছি। এর মধ্যে ১১২ জনের প্রক্রিয়া শুরু করে দিয়েছি। পর্যায়ক্রমে আরও কয়েকটি কোম্পানির কাজ আগামী কয়েক দিনের মধ্যে শুরু করব। এ ছাড়া আরও অনেক চাহিদাপত্র প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, তবে সেগুলো আমাদের সার্ভারে না আসা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো সম্ভব নয়। মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস যখন এসব চাহিদাপত্র সত্যায়ন করে আমাদের জানাবে যে কতগুলো চাহিদাপত্র পাওয়া গেছে এবং কতগুলো সত্যায়িত হয়েছে, তখনই আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাতে পারব।
এদিকে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে শুধু সরকারি উদ্যোগ নয়, বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর কার্যক্রমও দ্রুত দৃশ্যমান করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, শ্রমবাজারে কর্মী পাঠানোর সুযোগ বাড়াতে সরকারি ও বেসরকারি উভয় খাতের কার্যক্রম এগিয়ে নেওয়া প্রয়োজন।
সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস শেকিল চৌধুরী বলেন, বোয়েসেল অতীতে খুব ভালো অবদান রাখতে পারেনি। খুব অল্পসংখ্যক মানুষই বোয়েসেলের মাধ্যমে বিদেশে গেছেন। যদিও তারা একটি নির্ধারিত খরচের মধ্য দিয়ে তুলনামূলকভাবে কম ব্যয়ে বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছেন, তবে মোট অভিবাসনের ক্ষেত্রে বোয়েসেলের অবদান মাত্র ৪ থেকে ৫ শতাংশের বেশি নয়।
মনে রাখতে হবে, বোয়েসেলের মাধ্যমে বিদেশ যাওয়ার খরচ এবং বেসরকারি খাতের মাধ্যমে যাওয়ার খরচ এক হবে না। এ ক্ষেত্রে একটি যুক্তিসংগত খরচ নির্ধারণ করে দিতে হবে। বোয়েসেলও একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে যে, তারা কীভাবে এই প্রক্রিয়া পরিচালনা করবে।
খাতসংশ্লিষ্টরা বলছেন, সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে কর্মী পাঠানোর উদ্যোগ সফল করতে নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। একইসাথে কোনো মধ্যস্বত্বভোগী বা দালাল চক্র যাতে এ কার্যক্রমে যুক্ত হতে না পারে, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।
৪৬ মিনিট আগে
১ ঘন্টা ১৩ মিনিট আগে
২ ঘন্টা ৮ মিনিট আগে
২ ঘন্টা ১০ মিনিট আগে
২ ঘন্টা ১৯ মিনিট আগে
১৭ ঘন্টা ৪৫ মিনিট আগে
২৩ ঘন্টা ৫৫ মিনিট আগে
২৩ ঘন্টা ৫৬ মিনিট আগে