জামালপুরের বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেনের অপসারণের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহলের উদ্যোগে বকশীগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বকশীগঞ্জ-জামালপুর সড়কে বিক্ষোভ মিছিল করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। তবে আনীত অভিযোগ অস্বীকার করে ওসি দাবি করেন অন্যায় আবদার না মানায় তাঁর বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।
‘ভুক্তভোগী পরিবার ও সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে অনুষ্ঠিত ওই মানববন্ধনে বকশীগঞ্জ উপজেলা শাখার গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন বলেন, 'বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন একজন অযোগ্য ও অথর্ব লোক। তিনি পুলিশী সেবার বিপরীতে হয়রানি করছেন। তাঁর মদদে সংখ্যালঘু পরিবারের জমি বেদখল হয়েছে। বকশীগঞ্জ থেকে ওসি মকবুল হোসেনের অপসারণ দাবি করছি। তাঁর মতো অযোগ্য ওসির এখানে দরকার নেই।'
জামালপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাআদ আহমেদ রাজু তাঁর বক্তব্যে বলেন, 'কিছু দিন আগে আমার বাবা প্রতিপক্ষের দ্বারা হামলার শিকার হন। হাসপাতালের চিকিৎসা সনদপত্র থাকার পরও ওসি মামলা নেয়নি। তিনি আওয়ামী লীগের গোন্ডা বাহিনীদের শেল্ডার দিয়ে যাচ্ছেন। গ্রেপ্তারের বিপরীতে আওয়ামী লীগের দোসরদের কাছে এই ওসি টাকা খেয়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষ পুলিশী সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। একারণে ওসিকে বদলি করা জরুরি হয়ে দাঁড়িয়েছে।'
মানববন্ধনে বকশীগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদিল আব্দুল্লাহ বলেন, 'বকশীগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা মৃত রহমত আলীর ছেলে শেখ ফরিদ একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে জোরপূবর্ক জমি দখল ও প্রতারণা করে মানুষকে হয়রানি করছেন। গত দুই দিন আগে ওসি মকবুল হোসেনের শেল্ডারে শেখ ফরিদ সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যবসায়ীর জমি বেদখল করেছে। স্বর্ণের দোকান লুট করেছেন। ওসি আদালতের আদেশ তোয়াক্কা না করে জমি বেদখলের সহযোগিতা করেছেন। বকশীগঞ্জ থানা থেকে আমরা ওসি মকবুল হোসেনের অপসারণ দাবি করছি।'
বকশীগঞ্জ বাজারের ব্যবসায়ী মাতৃ জুয়েলার্সের মালিক উৎপল মহন্ত বলেন, 'আমাদের নামে রেজিস্ট্রেরি করা জমি শেখ ফরিদ বেদখল করেছে। এতে থানা-পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে না। ওসির কাছে আমি গিয়েছিলাম তিনি মামলা নেননি। বিপরীতে পুলিশ আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।'
থানা সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর জামালপুরের বকশীগঞ্জ সিভিল জজ আদালতের ৯৯/১০২৪ নম্বর অন্য প্রকার একটি মামলায় আদালতের আদেশ মোতাবেক বাদী-বিবাদীদের নোটিশ দেন থানা-পুলিশ।
থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত ওই নোটিশে উল্লেখ করা হয়, বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে আপনাদের উভয় পক্ষকে জানানো যাচ্ছে যে, বিজ্ঞ স্পেশাল জজ আদালত থেকে গত ১৬ সেপ্টেম্বর প্রচারিত (Status quo) আদেশ উভয় পক্ষ বরাবর জারি এবং উভয় পক্ষের মধ্যে শান্তিভঙ্গ রোসহ পক্ষগণ কর্তৃক অত্র মোকদ্দমা চূড়ান্ত নিস্পত্তির পূর্বে নালিশী তফসিল বর্ণিত ভূমির আকার-আকৃতির পারবর্তন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বকশীগঞ্জ থানার ওসিকে নির্দেশ প্রদান করেছেন। সেমতে বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক আপনারা উভয় পক্ষ নালিশী ভূমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। যদি কোনো পক্ষ নালিশী তফসিল বর্ণিত ভূমির আকার-আকৃতির পরিবর্তন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটান বা ঘটানোর চেষ্টা করেন; তালে আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জমির চৌহদ্দিতে উল্লেখ করা হয়, বকশীগঞ্জ মৌজা রাজেন্দ্রগঞ্জ, সিএস খতিয়ান নম্বর ২৬৬, সিএস দাগ ও আরওআর দাগ
নম্বর ৫৪০, আরওআর খতিয়ান নম্বর ৪২৯, বিআরএস খতিয়ান নম্বর ১০০৯, বিআরএস দাগ নম্বর ১৬৬৮-এর প্রায় ২৬ শতাংশ ভূমি মাত্র। যার উত্তরে সরকারি পুকুর, দক্ষিণে মাসুদ ও রতন, পূর্বে সিএনবি রাস্তা, পশ্চিমে বাবলু মনি সাহা গং।
থানা-পুলিশের পক্ষে নোটিশ জারি করার পর থেকে জমি ভোগদখল নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। পক্ষপাতিতের অভিযোগ উঠে থানা-পুলিশের বিরুদ্ধেও। তবে পাল্টা অভিযোগ করেন থানা-পুলিশ।
অভিযোগের বিষয়ে শেখ ফরিদ বলেন, 'আমার বিরুদ্ধে অযথা অভিযোগ তোলা হচ্ছে। আমি পৈতৃক সম্পত্তি বৈধ কাগজপত্রের মাধ্যমে ভোগদখলে আছি। কিন্তু প্রতিপক্ষ আমার জমি বেদখল করতে উঠেপরে লেগেছে।'
বকশীগঞ্জ থানার ওসি মো. মকবুল হোসেন বলেন,'জমিসংক্রান্ত একটি মামলায় আদালতের আদেশ মোতাবেক নোটিশ জারি করা হয়েছে। জমিটি পৌর শহরের প্রাণকেন্দ্রে হয়ায় ওই জমির বর্তমান মূল্য অনেক। জমিটির প্রতি অনেকের লোভ জেগেছে। অন্যায় আবদার না রাখায় একটি চক্র আমার বিরুদ্ধে মনগড়া অভিযোগ তোলে অপপ্রচার করা হচ্ছে। মূলত শেখ ফরিদের মালানাধীন জমি ওই চক্রটি বেদখলের পায়তারা করছে।'
১০ মিনিট আগে
১ ঘন্টা ৩০ মিনিট আগে
২ ঘন্টা ১৬ মিনিট আগে
২ ঘন্টা ৩৪ মিনিট আগে
২ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩ ঘন্টা ৩৫ মিনিট আগে