শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ১২ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার মিশনমোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর একটি টহল দল। বুধবার (১৮ নভেম্বর) সকালে ৩৯ বিজিবির অধিনায়ক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাসপোর্ট ছাড়া বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে ১২ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে ছয়জন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন গ্রামের এবং বাকি ছয়জন চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাঁটা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে ইমদাদুল হক (২৮), ঘটি গ্রামের শমসের আলীর ছেলে মিনারুল (১৯), মাধবপুর গ্রামের আব্দুল করিমের ছেলে ইউসুফ (২১), দিয়ারমানিকচর গ্রামের ইব্রাহিমের ছেলে শওকত আলী (৩৫), একই গ্রামের মাহাবুব রহমানের ছেলে আব্দুল্লাহ (২৫) ও সুরুজ্জামানের ছেলে হাসান (২৫) এবং রাতাহরি গ্রামের মো. মেসবাহুল (২০)।
অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর গ্রামের খায়রুলের ছেলে মো. আক্তারুল হক (২০), একই গ্রামের মোহাম্মদ লোকমানের ছেলে শামীম (২৩), রসুলপুর গ্রামের কামালের ছেলে আব্দুল করিম (২১), চরমেহনপুর নিচপাড়া গ্রামের কামরুজ্জামানের ছেলে আল আমিন (২৪) এবং লতাহারি গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. রুবেল (৩০) আটক হয়েছেন।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজিদ বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থান বজায় রেখেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
২ ঘন্টা ৫৫ মিনিট আগে
২ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
৪ ঘন্টা ৩০ মিনিট আগে
৪ ঘন্টা ৪০ মিনিট আগে
৪ ঘন্টা ৫৫ মিনিট আগে
৫ ঘন্টা ৮ মিনিট আগে