আগেও ইভটিজিংয়ের অভিযোগ, অভিযুক্তের পরিবারের কাছে একাধিকবার জানিয়েও মেলেনি প্রতিকার
পটুয়াখালীর গলাচিপায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে মোসা. রাইসা ইসলাম নামে অষ্টম শ্রেণির এক মেধাবী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গলাচিপা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ছারছিনা খানকা এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগী রাইসা গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। অভিযোগ অনুযায়ী, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আমিনুর ইসলামের কাছে গণিত বিষয়ে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে একই এলাকার মো. সেলিম খানের ছেলে ইছা তার পথরোধ করে। একপর্যায়ে তাকে কিল-ঘুষি মারার পাশাপাশি মাথায় আঘাত করে।
রাইসা ও তার পরিবারের অভিযোগ, এর আগেও ইছা একাধিকবার তাকে উত্ত্যক্ত (ইভটিজিং) করেছে। এ কারণে কয়েক মাস ধরে বিদ্যালয় ও প্রাইভেট পড়তে যাতায়াতেও ভোগান্তিতে পড়তে হয়েছে তাকে। বিষয়টি নিয়ে অভিযুক্ত ইছার বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের কাছে একাধিকবার অভিযোগ জানান রাইসার বাবা-মা। তখন আর এমন ঘটনা ঘটবে না বলে আশ্বস্ত করা হলেও শেষ পর্যন্ত রাইসার ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পরিবারের।
বর্তমানে রাইসা গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে চিকিৎসক ডা. তুষার আহমেদ তার চিকিৎসা দিচ্ছেন।
রাইসার মা ও স্থানীয় ইউপি সদস্য মোসা. গাজী সালমা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “এই ছেলের কারণে আমার মেয়ে কয়েক মাস ধরে ঠিকমতো বিদ্যালয় ও প্রাইভেটে যেতে পারেনি। আমরা একাধিকবার তার পরিবারের কাছে অভিযোগ জানিয়েছি। তারপরও আজ আমার মেয়েকে মারধর করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। আর কোনো মেয়ে যেন এভাবে রাস্তাঘাটে বখাটেদের হাতে মারধরের শিকার না হয়।”
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।