মাদারীপুর-১ (শিবচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঘোষিত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতাদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবিতে শিবচরে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শিবচর পৌর এলাকার ঐতিহাসিক হাতিরবাগান মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর ঘোষিত বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকায় কামাল জামান মোল্লার নাম প্রকাশ করা হলেও পরদিন তা সাময়িকভাবে স্থগিত করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান মোল্লা বলেন, “শিবচরবাসীর ভালবাসাই আমার শক্তি। রাজনৈতিক উদ্দেশ্যে আমার মনোনয়ন আটকে রাখা হয়েছে। জনগণের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে গৃহীত এ সিদ্ধান্ত টিকবে না। আমরা শান্তিপূর্ণভাবে ন্যায়ের বিজয় নিশ্চিত করবো।”
সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন খান (শাহাদাত কমিশনার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজাহান হোসেন সাজু মোল্লা ও সদস্য মাহবুবুর রহমান মাদবর। সমাবেশ সঞ্চালনা করেন শিবচর পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন খান সেলিম।
বক্তারা অভিযোগ করে বলেন, “মনোনয়ন স্থগিতের সিদ্ধান্ত দলীয় ও স্থানীয় রাজনৈতিক পরিবেশকে অস্থির করে তুলছে। এ সিদ্ধান্ত কর্মী-সমর্থকদের মধ্যে গভীর হতাশা সৃষ্টি করেছে।”
সমাবেশকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল হাতিরবাগান মাঠে এসে জড়ো হয়। নেতা-কর্মী ও সমর্থকদের ঢলে পুরো মাঠ এবং আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
শেষে দ্রুত মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে শান্তিপূর্ণভাবে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
১৩ দিন ৩ ঘন্টা ৫২ মিনিট আগে
৪৮ দিন ৬ ঘন্টা ৩৭ মিনিট আগে
৫৫ দিন ১০ ঘন্টা ৮ মিনিট আগে
৮০ দিন ৯ ঘন্টা ৫৯ মিনিট আগে
১০৫ দিন ১ ঘন্টা ২৮ মিনিট আগে
১০৫ দিন ২১ ঘন্টা ১৭ মিনিট আগে
১০৫ দিন ২৩ ঘন্টা ৬ মিনিট আগে