ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা
মিনার হোসেন খান , পলাশ - নরসিংদী
নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাপ এলাকায় ভোজ্যতেল উৎপাদন ও বাজারজাতকারী একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।
২৪ আগস্ট ২০২৬ রোজ সোমবার দুপুরে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদীর উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ অভিযান চালানো হয়। অভিযানে সাহেপ্রতাপ এলাকার এন এস কো ফুড এন্ড কনজ্যুমার লিমিটেড প্রতিষ্ঠানে ভোজ্যতেল পরিমাপে কারচুপিসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। বিএসটিআই সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি ফর্টিফায়েড সয়াবিন তেলের প্রতি ১ হাজার ৮০০ মিলিলিটারে ৬০ মিলিলিটার এবং প্রতি ৯০০ মিলিলিটারে ৪০ মিলিলিটার করে কম দিচ্ছিল।
তাছাড়া বিএসটিআইয়ের গুণগত মান সনদ ছাড়াই ‘রুপালী ইলিশ’, ‘রুপালী চান্দা’ ও ‘পুষ্প’ ব্র্যান্ডের নামে তেল বিক্রি ও বিতরণ করা হচ্ছিল। চারটি ভিন্ন প্রতিষ্ঠানের নাম একই ঠিকানা ব্যবহার করে ফর্টিফায়েড সয়াবিন তেল মোড়কজাত ও বাজারজাতেরও প্রমাণ পাওয়া যায়।
অভিযানে আরও দেখা যায়, পণ্য মোড়কজাত বিধিমালা লঙ্ঘন করে ৪৫০, ৯০০, ১ হাজার ৮০০ ও ৪ হাজার ৫০০ মিলিলিটার আকারের বোতলে তেল মোড়কজাত ও বিক্রি করা হচ্ছিল। পাশাপাশি তেলে নির্ধারিত মাত্রায় ভিটামিন ‘এ’ সংযোজন না করা, বিএসটিআইয়ের গুণগত মান সনদ ছাড়াই লেবেলে বিএসটিআই স্ট্যান্ডার্ড চিহ্ন ব্যবহার এবং মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া পণ্য উৎপাদন, বিক্রি ও বিতরণের মতো অনিয়মও ধরা পড়ে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ২ লাখ টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ও সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই প্রধান কার্যালয়, ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদীর উপপরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান মোহাম্মদ শফিকুল আলম এবং সহকারী পরিচালক (সিএম) নিখিল রায়।
প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) এ এফ এম হাসিবুল হাসান এবং পরিদর্শক (মেট্রোলজি) আরিফ হোসেন আসিফ। বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং পণ্যের মান নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট ও বাজার তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
২১ ঘন্টা ৫ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ৩৪ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ২৮ মিনিট আগে
৮ দিন ২১ ঘন্টা ৪১ মিনিট আগে
৯ দিন ২১ ঘন্টা ৪২ মিনিট আগে
১০ দিন ২ ঘন্টা ২৫ মিনিট আগে
১০ দিন ২২ ঘন্টা ৫২ মিনিট আগে
২৫ দিন ২২ ঘন্টা ৪৫ মিনিট আগে