শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা
যশোরের শার্শায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের যৌথ উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় শার্শা উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির, শার্শা উপজেলা জামায়াতের নায়েবে আমির ও দলটির মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী তৈয়বুর রহমান জাহাঙ্গীর এবং শার্শা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিন ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম শহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, শার্শা ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা আহম্মদ আলী, উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন এবং শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানসহ সাংবাদিক, প্রশাসন, স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্য ও অপপ্রচার সামাজিকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। যেকোনো ভিত্তিহীন গুজবে কান না দিয়ে বস্তুনিষ্ঠ তথ্য প্রচার ও সচেতনতা বৃদ্ধিতে প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব এবং সাংবাদিক সমাজকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।