চীন থেকে বাংলাদেশগামী একটি পণ্যবাহী জাহাজ থেকে ৪০৫ টন বিপজ্জনক রাসায়নিক জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। দেশটির নৌ-কর্মকর্তাদের দাবি, এসব রাসায়নিক প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব। ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম কুমপারান ও দেতিক-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ নভেম্বর দেশটির বেলাওয়ান উপকূলে ‘গারুদা জায়া-২৬’ অভিযানের সময় এমভি স্টার লাইন নামের জাহাজটি আটক করে নৌবাহিনী। শুক্রবার (২০ নভেম্বর) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির নৌবাহিনীর আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপতিয়ানা।
তিনি জানান, আফ্রিকার দেশ কমোরোসের পতাকাবাহী জাহাজটি চীন থেকে বাংলাদেশের উদ্দেশে যাচ্ছিল। পথে জ্বালানি নিতে বেলাওয়ান উপকূলে অবস্থান করছিল। এ সময় জাহাজটির অস্বাভাবিক গতিবিধি এবং যোগাযোগের চেষ্টা ব্যর্থ হওয়ায় সন্দেহ হয় টহলরত নৌসদস্যদের। পরে কেআরআই সিগালু-৮৫৭ টহল জাহাজের সদস্যরা তল্লাশি চালিয়ে ৩৬টি কনটেইনারের মধ্যে ১৫টিতে মোট ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটযুক্ত রাসায়নিক শনাক্ত করেন।
ডেনি সেপতিয়ানা বলেন, এই রাসায়নিক রকেটের প্রপেল্যান্ট ও বিস্ফোরক তৈরিতে ব্যবহার করা হয়। তবে এটি সরাসরি বিস্ফোরক নয়; অন্য উপাদানের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হয়। তার দাবি, একটি ক্ষেপণাস্ত্র তৈরিতে প্রায় চার টন এ ধরনের রাসায়নিক প্রয়োজন হতে পারে। সেই হিসাবে জব্দ করা রাসায়নিক প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব।
প্রাথমিক তদন্তে জাহাজটির কয়েকটি নথির মেয়াদ গত ৮ অক্টোবর শেষ হওয়ার তথ্য পাওয়া গেছে। পাশাপাশি কিছু নথির বৈধতা স্থগিত ছিল। ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম মেট্রো টিভি-এর প্রতিবেদন অনুযায়ী, জাহাজের ক্যাপ্টেন, নাবিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। ইন্দোনেশিয়ার নৌবাহিনী জানিয়েছে, বিপজ্জনক রাসায়নিক পরিবহন ও শুল্কসংক্রান্ত আইন লঙ্ঘন হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো সংশ্লিষ্ট কারও অপরাধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি কর্তৃপক্ষ।
১ ঘন্টা ৫২ মিনিট আগে
২ ঘন্টা ২৩ মিনিট আগে
২ দিন ৩ ঘন্টা ১৪ মিনিট আগে
৬ দিন ১১ ঘন্টা ১৪ মিনিট আগে
৭ দিন ১ ঘন্টা ১৭ মিনিট আগে
৭ দিন ১০ ঘন্টা ৪৮ মিনিট আগে
৮ দিন ১২ ঘন্টা ৩১ মিনিট আগে
১২ দিন ৮ ঘন্টা ৪৪ মিনিট আগে