প্রকাশের সময়: 22-11-2026 09:39:06 pm
সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
রাজধানীর সূত্রাপুরে কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে ভয়াবহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জাহাঙ্গীর ইসলাম (৪৫) নামে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের এক মালি গুরুতর আহত হয়েছেন।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) স্নাতক প্রথম বর্ষের পরীক্ষা চলাকালীন এই আতঙ্কজনক ঘটনা ঘটে। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত জাহাঙ্গীর ইসলাম রাজধানীর লালবাগের ৩৮/২, সমাজকল্যাণ গলি এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আব্দুল আজিজ আকন। তিনি সোহরাওয়ার্দী কলেজের মালি ও পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কবি নজরুল সরকারি কলেজের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে কলেজের নিরাপত্তাকর্মী সুজনের সঙ্গে কথা বলছিলেন জাহাঙ্গীর। এ সময় হঠাৎ ওপর থেকে একটি ককটেল এসে সরাসরি তাঁর মাথার ওপর পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বিস্ফোরণে তাঁর মাথা ও চোখে গুরুতর জখম হয়েছে।
ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে জাহাঙ্গীরের ভাই আলমগীর ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাঁকে উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, “কবি নজরুল সরকারি কলেজের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”
১ ঘন্টা ২২ মিনিট আগে
১ ঘন্টা ২৫ মিনিট আগে
১ ঘন্টা ৩৬ মিনিট আগে
১ ঘন্টা ৪২ মিনিট আগে
১ ঘন্টা ৫২ মিনিট আগে
২ ঘন্টা ২৩ মিনিট আগে
২ ঘন্টা ৪১ মিনিট আগে