শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ
যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদকে দল থেকে অব্যাহতির প্রতিবাদে যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন ক্ষুব্ধ নেতাকর্মীরা।
এর আগে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সাংগঠনিক পদক্ষেপের কথা জানানো হয়। এতে উল্লেখ করা হয়, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যেই অব্যাহতির এই সিদ্ধান্ত অনুমোদন ও কার্যকর করেছেন।
এই সিদ্ধান্তের প্রতিবাদ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে পদ পুনর্বহালের দাবিতে শনিবার সকালে শার্শা উপজেলা পরিষদের সামনে যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই অবরোধে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে তীব্র ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী, পথচারী ও যানবাহন চালকেরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দলীয়ভাবে কোনো নিরপেক্ষ ও সঠিক তদন্ত না চালিয়েই অন্যায্য এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে শহিদুল ইসলামের পদ স্থগিত করা হয়েছে। অবিলম্বে এই স্থগিতাদেশ প্রত্যাহার করা না হলে আগামীতে আরও কঠোর ও ধারাবাহিক কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।
পরবর্তীতে যশোর জেলা যুবদলের আহ্বায়ক তমাল আহম্মেদ ও সদস্য সচিব আনসারুল হক রানার আশ্বাসে এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন।