পাঠাভ্যাস গড়ে তোলা এবং স্থানীয় লেখকদের সাহিত্যকর্ম পাঠকদের কাছে তুলে ধরার প্রত্যয়ে শেরপুরে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বইমেলা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে শহরের ডিসি উদ্যানে আয়োজিত এ বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। উদ্বোধন শেষে জেলা প্রশাসক মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেখানে প্রদর্শিত বইয়ের সংগ্রহ সম্পর্কে খোঁজখবর নেন।
শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে, ভ্রাম্যমাণ দোকান ও সৌখিন পাঠক বুকশপের পরিচালনায় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ বইমেলার আয়োজন করা হয়েছে। মেলায় মোট ১০টি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে দেশি-বিদেশি খ্যাতিমান লেখকদের গল্প, উপন্যাস, ছড়া, কবিতা, ভ্রমণকাহিনি, থ্রিলার ও অনুবাদ গ্রন্থের পাশাপাশি শেরপুরের স্থানীয় লেখকদের প্রকাশিত বইও প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ও সাংবাদিক রফিক মজিদ, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি রাহাতুল ইসলাম আলো, কবি হানজালা, কবি হাসান শরাফত ও সাংবাদিক কাজী মাসুমসহ বিভিন্ন শ্রেণি-পেশার লেখক, পাঠক ও শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, বইমেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। পাঁচ দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়ানোর পাশাপাশি স্থানীয় লেখকদের সাহিত্যকর্মের সঙ্গে নতুন পাঠকদের পরিচিত করার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন তারা।
৫১ মিনিট আগে
১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩ ঘন্টা ৬ মিনিট আগে
৩ ঘন্টা ২৬ মিনিট আগে
৪ ঘন্টা ১১ মিনিট আগে
৪ ঘন্টা ২৪ মিনিট আগে
৪ ঘন্টা ২৭ মিনিট আগে
৪ ঘন্টা ৩১ মিনিট আগে