সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। একইসাথে ফ্যামিলি কার্ড কর্মসূচিতে অর্থায়নের জন্য গ্যাস ও জ্বালানির দাম বাড়ানো হচ্ছে-এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুরুন্নেসা সিদ্দিকার তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
জ্বালানিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারদরের সাথে সমন্বয় করে গ্যাস ও তেলের দাম নির্ধারণ করা হয়। জনগণের ভোগান্তি কমাতে গত আট মাসে সরকার এই খাতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে।
সরকার নিম্ন আয়ের ও অসচ্ছল জনগোষ্ঠীকে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সহায়তা দিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নগদ সহায়তা ও ভর্তুকি দেওয়ার জন্য সরাসরি গ্যাস ও তেলের দাম বাড়ানো হচ্ছে-এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও অপপ্রচার।
এর আগে সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য নুরুন্নেসা সিদ্দিকা অভিযোগ করেন, গ্যাস সংকটের কারণে দেশের অনেক কারখানা বন্ধ হয়ে গেছে এবং গ্যাস না পেয়েও গ্রাহকদের নিয়মিত বিল পরিশোধ করতে হচ্ছে। এ পরিস্থিতিতে গৃহস্থালি গ্যাসের সমস্যা সমাধানে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কি না, তা জানতে চান তিনি।
জবাবে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, গ্যাসের দাম বারবার বাড়ানো হয়নি। চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশকে আন্তর্জাতিক বাজার থেকে উচ্চমূল্যে গ্যাস কিনতে হচ্ছে। দেশের বিদ্যুৎকেন্দ্রগুলো চালু রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে সরকারকে বেশি দামে গ্যাস আমদানি করতে হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, এসব ক্ষেত্রে সরকার এখনও প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ায়নি। সংসদ সদস্য সম্ভবত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ার কথা বলেছেন।
এলপিজির বাজার ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি ব্যাখ্যা করেন, এলপিজি সরকার আমদানি করে না। বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলো এটি আমদানি করে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দরের ভিত্তিতে এর দাম ঠিক করা হয়। এ ক্ষেত্রে সরকারের সরাসরি কোনো ভূমিকা নেই বলে জানান মন্ত্রী।
১১ মিনিট আগে
১ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৪ ঘন্টা ৩ মিনিট আগে
৪ ঘন্টা ৩৪ মিনিট আগে
৯ ঘন্টা ৭ মিনিট আগে
১৩ ঘন্টা ৫৮ মিনিট আগে