প্রকাশের সময়: 24-08-2026 07:18:15 pm
দেশচিএ হাদিসুর রহমান
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে বিকেল ৪টার পর শিক্ষার্থীদের অবস্থান নিয়ে জারি করা বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিভ্রান্তি ও ক্ষোভ। প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল ৪টার পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করতে পারবেন না। তবে শিক্ষা-সংশ্লিষ্ট কোনো কার্যক্রম থাকলে বিভাগীয় শিক্ষকের অনুমতি নিয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত থাকার সুযোগ রাখা হয়। সন্ধ্যা ৬টার পর কোনো শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান করতে পারবেন না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ক্যাম্পাসে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার প্রয়োজন থাকলেও শিক্ষার্থীদের পড়াশোনা, জ্ঞানচর্চা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমের বিষয়টি বিবেচনা না করে এ ধরনের সময়সীমা নির্ধারণ করা হলে স্বাভাবিক একাডেমিক পরিবেশ ব্যাহত হতে পারে।
মানবিক বিভাগের শিক্ষার্থী তানিম সরকার বলেন, “বিকেল ৪টার পর পুরোপুরি ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ না করে বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট কিছু জায়গা উন্মুক্ত রাখা উচিত। লাইব্রেরি, সেমিনার রুম কিংবা কেন্দ্রীয় মাঠের মতো জায়গাগুলো সন্ধ্যা পর্যন্ত পড়াশোনা ও অনুশীলনের জন্য ব্যবহার করতে দেওয়া যেতে পারে। এসব এলাকায় নিরাপত্তা জোরদার করলেই শৃঙ্খলা বজায় রাখা সম্ভব।”তিনি আরও বলেন, “ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাসকে স্কুলের মতো ব্যবস্থাপনার পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রয়োজন ও পরিবেশ বিবেচনা করে নীতিমালা করা উচিত।”
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম বলেন, “একটি সরকারি কলেজের ক্যাম্পাস শুধু ক্লাস করার জায়গা নয়; এটি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। সুস্পষ্ট কারণ ও বিকল্প ব্যবস্থা ছাড়া বিকেল ৪টার পর শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ করা কঠোর সিদ্ধান্ত।”শিক্ষকের অনুমতি নিয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত থাকার নিয়ম নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। শরিফুলের ভাষ্য, কোন পরিস্থিতিতে অনুমতি দেওয়া হবে, কার কাছ থেকে অনুমতি নিতে হবে এবং অনুমতি দেওয়ার প্রক্রিয়া কী—বিজ্ঞপ্তিতে এসব বিষয়ে স্পষ্ট নির্দেশনা থাকা প্রয়োজন। অন্যথায় নিয়মটি শিক্ষার্থীদের জন্য জটিলতা তৈরি করতে পারে।
এই বিষয়ে কলেজের শিক্ষার্থী বনি আমিন বলেন,মন চাইলো তাই নোটিশ দিলাম, কিন্ডারগার্ডেন এর মতো যায়গা তারপর আবার সরকারি ক্যাম্পাসে নিজের মতো নোটিশ এটা কোন ধরনের বাচ্চামি আল্লাহ ভালো জানে।
তবে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হওয়া ক্ষোভ ও বিভ্রান্তির বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন কলেজের অধ্যক্ষ ড. কাকলি মুখোপাধ্যায়। তিনি জানান, “শুধু মেয়েরা ৬টার পর কলেজে অবস্থান করতে পারবে না। অন্যরা রাত ৮টা পর্যন্ত থাকতে পারবে। নোটিশ লিখতে হয়তো ভুল হয়েছে। আমি আগামীকালের মধ্যে নোটিশটি সংশোধন করে দেব।”
শিক্ষার্থীরা বলছেন, নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার উদ্যোগকে তারা স্বাগত জানান। তবে এর পাশাপাশি পড়াশোনা, লাইব্রেরি ব্যবহার, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমসহ প্রয়োজনীয় একাডেমিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার সুযোগও নিশ্চিত করতে হবে।
৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
২০ দিন ৭ ঘন্টা ১২ মিনিট আগে
৩৭ দিন ৮ ঘন্টা ১০ মিনিট আগে
৪০ দিন ৮ ঘন্টা ৩ মিনিট আগে
৪৪ দিন ৮ ঘন্টা ৮ মিনিট আগে
১০৩ দিন ৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
১০৫ দিন ৪ ঘন্টা ২ মিনিট আগে
১০৫ দিন ৪ ঘন্টা ৫ মিনিট আগে