প্রকাশের সময়: 08-08-2026 11:30:05 pm
ভ্রমণের আনন্দের সঙ্গে মানবিক দায়বদ্ধতাকে যুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভ্রমণবিষয়ক সংগঠন ট্যুরিস্ট ক্লাব সাস্ট আয়োজিত ‘সিলেট এক্সপ্লোর ২.০: ট্যুর ফর চ্যারিটি' সম্পন্ন হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও ভ্রমণপ্রেমীরা অংশ নেন।
চ্যারিটি ট্যুরে অংশগ্রহণকারীরা নলঝুড়ি, দ্য লাস্ট হাউস অফ বাংলাদেশ, রাংপানি, আদুরি ঝর্ণা ও শ্রীপুর চা-বাগান ভ্রমণ করেন। তবে এবারের আয়োজনের উদ্দেশ্য শুধু দর্শনীয় স্থান ঘুরে দেখা কিংবা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী আশরাফুল আলমের চিকিৎসায় সহায়তা করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
আশরাফুল আলমের দুটি কিডনি বিকল হয়ে যাওয়ায় তাঁর চিকিৎসা ও কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। তাঁর চিকিৎসা সহায়তায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের উদ্যোগের অংশ হিসেবে ট্যুরিস্ট ক্লাব সাস্ট এই চ্যারিটি ট্যুরের আয়োজন করে। ট্যুরের প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পর সংগৃহীত অর্থের অবশিষ্ট সম্পূর্ণ অংশ আশরাফুল আলমের চিকিৎসা তহবিলে প্রদান করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।
সংগঠনটির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বলেন,“‘সিলেট এক্সপ্লোর ২.০: ট্যুর ফর চ্যারিটি'আয়োজনের মাধ্যমে আমরা ভ্রমণের আনন্দের সঙ্গে মানবিক দায়বদ্ধতাকে যুক্ত করার চেষ্টা করেছি। অংশগ্রহণকারী ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতায় আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও ট্যুরিস্ট ক্লাব সাস্ট পর্যটনচর্চার পাশাপাশি মানবিক ও সামাজিক কল্যাণে এমন উদ্যোগ অব্যাহত রাখবে।”
আয়োজকদের মতে, ভ্রমণ মানুষের মধ্যে আনন্দ ও সৌহার্দ্য তৈরি করে; সেই আনন্দকে যদি মানবিক কাজে যুক্ত করা যায়, তবে তা আরও অর্থবহ হয়ে ওঠে। এ লক্ষ্যেই ট্যুরিস্ট ক্লাব সাস্ট-এর এ উদ্যোগ, যেখানে ভ্রমণের অভিজ্ঞতার পাশাপাশি একজন অসুস্থ শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন অংশগ্রহণকারীরা।
১৩ দিন ১০ মিনিট আগে
১৭ দিন ৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
২৫ দিন ৩ ঘন্টা ২৫ মিনিট আগে
২৬ দিন ৩ ঘন্টা ১৫ মিনিট আগে
১৬৯ দিন ১ ঘন্টা ১৯ মিনিট আগে
১৭০ দিন ১৯ ঘন্টা ৫ মিনিট আগে
২৫৮ দিন ২ ঘন্টা ৫১ মিনিট আগে
২৫৯ দিন ২৩ ঘন্টা ৪ মিনিট আগে