রংপুরের পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে মারধর, হত্যার হুমকি ও পকেট থেকে ৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
অভিযোগকারী নজরুল ইসলাম তালুকদার (৬৫) উপজেলার অনন্তরাম ম্যাথনা পাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় ম্যাথনাপাড়া জামে মসজিদের হিসাবরক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর দুপুর ২টার দিকে মসজিদের দানের টাকা নিয়ে অভিযুক্তদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্ত মাহাবুবার রহমান লানচু, ওয়ারেছ আলী, আয়নাল হক, মতিয়ার, আতিয়ার, আনছার আলী টুকু, বাবু মিয়া সংঘবদ্ধ হয়ে তাঁর ওপর হামলা চালায়। এ সময় লাঠিসোঁটা ও কিল-ঘুষি দিয়ে তাঁর মাথা, বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে তাঁর নাক কেটে রক্তাক্ত জখম হয়। হামলার একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
অভিযোগে আরও বলা হয়, তাঁকে রক্ষা করতে তাঁর ভাতিজা বিপ্লব মিয়াসহ পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়। এ সময় তাঁর পকেটে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তবে অভিযুক্তদের মধ্যে ওয়ারেছ আলী এসব অভিযোগ অস্বীকার করেন।
পীরগাছা থানা ওসি জহুরুল হক বলেন, অভিযোগটা এখনো দেখা হয়নি। অভিযোগ দেখার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
৭ ঘন্টা ৩৫ মিনিট আগে
৯ ঘন্টা ১৯ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ৪৮ মিনিট আগে
৫ দিন ৯ ঘন্টা ২৩ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ২৮ মিনিট আগে
৬ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে
৬ দিন ৮ ঘন্টা ৪৭ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ১২ মিনিট আগে