নাঙ্গলকোটে ইনজেকশন দেওয়ার কয়েক ঘণ্টা পর রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় বাজারে সাফিয়া ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড সাফিয়া মেডিকেল হলে চিকিৎসা নিতে গিয়ে ইনজেকশন দেওয়ার কয়েক ঘণ্টা পর মহিন উদ্দিন (৩০) নামে এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসক ইয়াছিনের বিরুদ্ধে ভুল ইনজেকশন ও চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছেন নিহতের স্বজনরা। পাশাপাশি পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।
নিহত মহিন উদ্দিন উপজেলার দৌলখাঁড় গ্রামের দেবন আলী বাড়ির দিনমজুর শাহাবুদ্দিনের ছেলে। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ চার সন্তান রেখে গেছেন। তাঁর ছোট সন্তানের বয়স মাত্র ১১ মাস।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর মঙ্গলবার দীর্ঘ দুই দিন ধরে জ্বরে আক্রান্ত মহিন উদ্দিনকে দুপুর ১২টার দিকে তাঁর স্ত্রী রাবেয়া বেগম দৌলখাঁড় বাজারের সাফিয়া ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড সাফিয়া মেডিকেল হলে নিয়ে যান। সেখানে চিকিৎসক ইয়াছিন তাঁকে পরীক্ষা করে একটি প্রেসক্রিপশন দেন। পরিবারের অভিযোগ, প্রেসক্রিপশনের বাইরে তাঁকে একটি ইনজেকশন দেওয়া হয়। এর কিছুক্ষণ পর থেকেই মহিন উদ্দিনের বুকে ব্যথা শুরু হয় এবং ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
পরে বিকেলে তাঁকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টা ১০ মিনিটে তাঁর মৃত্যু হয়।
নিহতের বোন রাশিদা আক্তার অভিযোগ করে বলেন, সাফিয়া ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড সাফিয়া মেডিকেল হলের চিকিৎসক ইয়াছিনের ভুল ইনজেকশনের কারণে তাঁর ভাইয়ের মৃত্যু হয়েছে। সরকারি হাসপাতালের রিপোর্টে ওষুধের বিরূপ প্রতিক্রিয়ায় হৃদ্যন্ত্র ও শ্বাস-প্রশ্বাসের কার্যক্রম ব্যর্থ হওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, ওই প্রতিষ্ঠানে ভুল চিকিৎসার শিকার হয়ে আরও অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ভয়ে অনেকে মুখ খুলতে চান না। ভাইয়ের মৃত্যুর ঘটনায় বিচার চাওয়ায় চিকিৎসক ইয়াছিনের ছেলে নোবেল তাঁদের হুমকি-ধমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, ভাইয়ের মৃত্যুর পর দীর্ঘ পাঁচ ঘণ্টা নাঙ্গলকোট থানায় অপেক্ষা করেও তাঁরা মামলা করতে পারেননি।
নিহতের স্ত্রী রাবেয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, চিকিৎসক ইয়াছিনের দেওয়া ভুল ইনজেকশনের কারণে আজ আমি বিধবা। চারটি ছোট সন্তান নিয়ে কীভাবে বেঁচে থাকব, কিছুই বুঝতে পারছি না। আমার সন্তানরা বাবাহারা হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।
নিহতের বাবা শাহাবুদ্দিন বলেন, আমি আমার ছেলের মৃত্যুর বিচার চাই। চিকিৎসক ইয়াছিনের চিকিৎসায় আমার ছেলের মতো আরও অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আমার অভিযোগ।
অভিযোগের বিষয়ে সাফিয়া ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড সাফিয়া মেডিকেল হলের স্বত্বাধিকারী ও চিকিৎসক ইয়াছিন বলেন, আমাদের ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নেওয়ার পর রোগীর মৃত্যু হয়েছে, এমন কোনো তথ্য আমার জানা নেই।প্রেসক্রিপশনে ওষুধের নাম থাকলেও ইনজেকশনের নাম উল্লেখ না থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার স্মরণ নেই। রিপোর্ট দেখতে হবে।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম বলেন, আমি তাঁদের ময়নাতদন্ত করার পরামর্শ দিয়েছি। যেখানে চিকিৎসা নিয়েছেন, সেখান থেকে পুলিশ কেস করে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে বলেছি।
এ ঘটনায় রোগীর মৃত্যুর প্রকৃত কারণ, ইনজেকশন প্রয়োগের যথার্থতা এবং চিকিৎসায় কোনো অবহেলা ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্ধারণের দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।
১৮ মিনিট আগে
১১ ঘন্টা ৩১ মিনিট আগে
১৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৬ ঘন্টা ১১ মিনিট আগে
১৭ ঘন্টা ২ মিনিট আগে
১৭ ঘন্টা ১৫ মিনিট আগে