খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে ঐক্যবদ্ধ করা এবং সামাজিক সম্প্রীতি জোরদারের প্রত্যয়ে কুড়িগ্রামের নাগেশ্বরীতে অনুষ্ঠিত হয়েছে 'বানিয়াপাড়া ফুটবল টুর্নামেন্ট'-এর প্রথম আসরের জমজমাট ফাইনাল খেলা। বানিয়াপাড়া যুব সমাজের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
রোববার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় নাগেশ্বরী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় বানিয়াপাড়া স্বনির্ভর স্পোর্টিং ক্লাব ও কচাকাটা কলেজ মোড় স্পোর্টিং ক্লাব। হাজার হাজার নারী-পুরুষ দর্শকের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দুই দলের খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য, আক্রমণ-পাল্টা আক্রমণ আর দর্শকদের মুহুর্মুহু করতালিতে মুখরিত হয়ে ওঠে খেলার মাঠ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন নাগেশ্বরী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রোকনুজ্জামান চৌধুরী টুকু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মেহেদী হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগেশ্বরী পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরুল হোসেন ইদুল। এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নির্ধারিত সময়ের খেলায় দুই দলই চমৎকার ক্রীড়াশৈলী প্রদর্শন করে। শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল নির্ধারিত হয় ট্রাইবেকারে। সেখানে কচাকাটা কলেজ মোড় স্পোর্টিং ক্লাবকে ৫-২ গোলে পরাজিত করে প্রথম আসরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বানিয়াপাড়া স্বনির্ভর স্পোর্টিং ক্লাব।
খেলা শেষে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে একটি খাসি এবং রানার্সআপ দলকে একটি খাসি প্রদান করা হয়। পাশাপাশি মাঠে উপস্থিত দর্শকদের মধ্য থেকে সেরা দর্শক নির্বাচন করে তাঁদেরও পুরস্কৃত করা হয়। আয়োজকদের এমন ব্যতিক্রমী উদ্যোগ দর্শকদের মাঝে বাড়তি আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে।
আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। খেলায় অংশগ্রহণকারী দুই দলই সুন্দর খেলার মধ্য দিয়ে সন্তুষ্টি প্রকাশ করে এবং দর্শকরাও এমন আয়োজনের ধারাবাহিকতা প্রত্যাশা করেন।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনের অন্যতম হাতিয়ার। নাগেশ্বরীতে এমন ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
৪ দিন ৫ ঘন্টা ৫৭ মিনিট আগে
৫ দিন ৫ ঘন্টা ৫২ মিনিট আগে
৬ দিন ১৩ ঘন্টা ৩২ মিনিট আগে
১৩ দিন ১৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৩ দিন ১৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৫ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে
১৬ দিন ১৩ ঘন্টা ৩২ মিনিট আগে