জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলের জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) থেকে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ। প্রাথমিকভাবে এই অর্থায়নের জন্য বিবেচিত পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। এই অর্থ দেশের উপকূলীয় অবকাঠামো শক্তিশালীকরণ এবং জলবায়ুবান্ধব কৃষি কার্যক্রম সম্প্রসারণে ব্যবহার করা হবে।
গতকাল শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) স্থানীয় সময় বিকেল ৩টায় তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ৩১)-এর ব্লু জোনের প্রেস কনফারেন্স রুমে বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষ থেকে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এসব তথ্য জানান।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই ব্রিফিংয়ের আয়োজন করে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, সংসদ সদস্য মানসুরা আক্তার এবং অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ উপস্থিত ছিলেন।
পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম হলেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা বৃদ্ধি ও তাপপ্রবাহ দেশের জীবন-জীবিকা ও অবকাঠামোকে হুমকির মুখে ফেলছে। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) ২০২৬ সালের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক-শিল্পায়ন যুগের তুলনায় প্রায় ১ দশমিক ৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
সীমিত সম্পদ থাকা সত্ত্বেও বাংলাদেশের তৃতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে নিজস্ব সক্ষমতায় ৬ দশমিক ৩৯ শতাংশ এবং আন্তর্জাতিক সহায়তা সাপেক্ষে অতিরিক্ত ১৩ দশমিক ৯২ শতাংশ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
জলবায়ু অর্থায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশগুলোর জোট ২০৩৫ সালের আগেই অভিযোজন অর্থায়ন তিন গুণ বৃদ্ধি করে বছরে ১২০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার দাবি জানিয়েছে এবং বাংলাদেশ এ দাবির প্রতি পূর্ণ সমর্থন জানায়। একই সঙ্গে গ্রিন ক্লাইমেট ফান্ড ও অ্যাডাপটেশন ফান্ড থেকে অর্থপ্রাপ্তির প্রক্রিয়া সহজীকরণ এবং সরাসরি ও অনুদানভিত্তিক অর্থায়নের সুযোগ বৃদ্ধির আহ্বান জানান তিনি।
ক্ষয়ক্ষতি মোকাবিলা তহবিল (লস অ্যান্ড ড্যামেজ ফান্ড) প্রসঙ্গে তিনি বলেন, জমা পড়া প্রকল্প প্রস্তাবের তুলনায় বিদ্যমান অর্থ অত্যন্ত অপর্যাপ্ত, তাই দ্রুত অর্থ ছাড় ও উন্নত দেশগুলোর অবদান বৃদ্ধি জরুরি। এছাড়া জলবায়ুবান্ধব অর্থনীতি ও জ্বালানি ব্যবস্থায় রূপান্তরের ক্ষেত্রে শ্রমিক, কৃষক, নারী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বার্থ সুরক্ষিত রেখে অন্তর্ভুক্তিমূলক ও ন্যায্য রূপান্তর নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
পরিশেষে পরিবেশমন্ত্রী কপ৩১ সম্মেলনের সফল আয়োজনের জন্য তুরস্ক সরকার ও জনগণকে এবং আলোচনা প্রক্রিয়ায় ভূমিকা রাখার জন্য অস্ট্রেলিয়ার প্রচেষ্টার প্রশংসা করেন।
৯ ঘন্টা ৫৭ মিনিট আগে
১০ ঘন্টা ৪০ মিনিট আগে
১২ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৪ ঘন্টা ১১ মিনিট আগে
১৪ ঘন্টা ১৩ মিনিট আগে
১৫ ঘন্টা ৪৯ মিনিট আগে